রাশিয়া-ভারত ম্যাচের অভিজ্ঞতা সিঙ্গাপুরে কাজে লাগাবে বাংলাদেশ

মার্চে নিজেদের মাঠে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলেছে বাংলাদেশ। রাশিয়া-ভারতের বিপক্ষে খেলে স্বাগতিকরা রানার্সআপ হয়েছে। এবার এই দলটি খেলতে যাচ্ছে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই পর্বে। সাফের অভিজ্ঞতা এবার সিঙ্গাপুরে কাজে লাগাতে চাইছে লাল-সবুজ দল।

সিঙ্গাপুরে খেলা হবে ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। গ্রুপসেরা হতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। দলটির টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি রবিবার সংবাদ সম্মেলনে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা কোয়ালিফাই করার লক্ষ্য নিয়েই সিঙ্গাপুর যাচ্ছি। সাফের সাম্প্রতিক টুর্নামেন্টে আমরা দারুণ পারফরম্যান্স করেছি। সেখানে ইউরোপের দল ছিল। তাদের বিপক্ষেও আমরা দারুণ খেলেছি। দল অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে নেই।’ 

দলটির কোচ গোলাম রব্বানী ছোটনও আশাবাদী। সাফের দলের বাইরে এবার তিন জন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। ছোটন পুরো দল নিয়ে বলেছেন, ‘সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মেয়েরা রাশিয়ার মতো দলের বিপক্ষে খেলেছে। যে অভিজ্ঞতা হয়েছে সেটা সিঙ্গাপুরে আমরা কাজে লাগাতে চাই। রাশিয়া, ভারত, নেপালের মতো প্রতিপক্ষের বিপক্ষে মেয়েদের কিছু ভুলত্রুটি ছিল। আমরা সেগুলো নিয়ে কাজ করেছি। আগামী আসরে আমরা সেই ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো কিছু করবো।’

দলের সবাই টুর্নামেন্টে ভালো কিছু উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছে। ছোটন বলেন, ‘আশা করছি এই দল অন্য সব আসরের মতো ভালো ফুটবল খেলবে। জয় নিয়ে ফিরবে। জয়নব ছাড়া দলের অন্য সবার দেশের বাইরে প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। এটা তাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা হবে। বিদেশের মাটিতে প্রথম টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে দলের সবাই বেশ উৎসাহী। আশা করি দলের সবাই ভালো কিছু উপহার দেবে।’

সাফে ঢাকায় স্কোরিং সমস্যা নিয়ে ভুগতে হয়েছে ছোটনের দলকে। তবে এবার সরাসরি ছোটন বলেছেন, ‘এ বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবার ফিনিশিং নিয়ে আমরা কাজ করেছি।’