গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইতালির স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। মেরুদণ্ড ও পাঁজরে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রোমে ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির সংঘর্ষ হয়। ওই ঘটনার প্রাপ্ত ছবি থেকে দেখা যায় সংঘর্ষে তার গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে।
ইম্মোবিলের ইতালীয় ক্লাব লাৎজিও জানিয়েছে, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ফাটল ধরা পড়েছে তার পাঁজরেও। তবে সার্বিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি।
ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, রোমের একটি হাসপাতালে বিশেষজ্ঞের অধীনে তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার স্পেজিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে গোল করেছিলেন এই ৩৩ বছর বয়সী।