বেনফিকার মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে কাজটা এগিয়ে রেখেছিল ইন্টার মিলান। বুধবার দ্বিতীয় লেগের খেলা শেষে প্রত্যাশিতভাবে সেমিফাইনালে উঠেছে তারা। কিন্তু তাদের চোখে চোখ রেখে লড়াই করছে বেনফিকা। সান সিরোতে গোল পাল্টা গোলের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। জিততে না পারলেও ৫-৩ গোলের অগ্রগামিতায় পর্তুগিজ প্রতিপক্ষকে বিদায় করেছে ইন্টার।
সেমিফাইনালে হতে যাচ্ছে মিলান ডার্বি। আরেক কোয়ার্টার ফাইনালে নাপোলিকে বিদায় করে শেষ চারে উঠেছে এসি মিলান। তাদের বিপক্ষে ৯ ও ১৬ মের সেমিফাইনালে খেলবে ইন্টার। সেখানে ফল যাই হোক না কেন, ছয় বছর পর প্রথম কোনও ইতালিয়ান দলকে দেখা যাবে ফাইনালে। এর আগে সবশেষ ২০১৭ সালে ফাইনাল খেলেছিল জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা।
১৩তম মিনিটে বক্সের মধ্যে থেকে নিকোলো বারেল্লার দারুণ স্ট্রাইকে ইন্টার লিড নেয়। বেনফিকা ৩৮তম মিনিটে সমতা ফেরায়। উঁচুতে লাফিয়ে ফ্রেডরিক অর্সনেস হেড করে জাল কাঁপান।
বিরতির পর ম্যাচে দুই গোলে এগিয়ে যায় ইন্টার। লাউতারো মার্তিনেস ও বদলি খেলোয়াড় জোয়াকিন কোরেয়া সাত মিনিটের ব্যবধানে দুই গোল করেন। কিন্তু ডিফেন্ডার আন্তোনিও সিলভা ও বদলি নামা পিটার মুসা বেনফিকার হয়ে দুটি গোল শোধ দেন।
তাতে অবশ্য ইন্টারের সেমিফাইনালের দুয়ার বন্ধ হয়ে যায়নি। ২০১০ সালের পর প্রথমবার শেষ চারে তারা। ওইবার ফাইনালে খেলেছিল ইন্টার, বায়ার্ন মিউনিখকে হারিয়ে তৃতীয় ট্রফি জেতে তারা।