আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি হাসিমুখে দাঁড়িয়ে। দুই হাত ভর্তি পুরস্কার, একসঙ্গে ধরে রাখতে বেশ কষ্ট হচ্ছে। ২০২২ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ একসঙ্গে তিনটি সেরার পুরস্কার হাতে পেলেন পিএসজি ফরোয়ার্ড।
সাতবারের ব্যালন ডি’অর জয়ীর হাতে যে তিনটি পুরস্কার, সেগুলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) স্বীকৃতি।
গত বছরের অবিস্মরণীয় পারফরম্যান্স করায় আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার পেয়েছেন মেসি।
শুক্রবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানায়, আগের দিন প্যারিসে মেসির হাতে তুলে দেওয়া হয় তিন পুরস্কার। ২০১১ সাল থেকে এরই মধ্যে ১৩টি আইএফএফএইচএস বিশ্ব অ্যাওয়ার্ডস হাতে নিয়েছেন ৩৫ বছর বয়সী, যা এই ফেডারেশনের ইতিহাসে রেকর্ড।
গত বছর মেসির হাত ধরে আর্জেন্টিনা ৩৬ বছরের খরা ঘুচিয়ে তৃতীয় বিশ্বকাপ ট্রফি জেতে। অগণিত রেকর্ড গড়ে দলকে অবিস্মরণীয় সাফল্যে নেতৃত্ব দেন। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি দ্য বেস্টও পান তিনি।