বাংলাদেশ উইমেন্স সুপার লিগের ট্রফি উন্মোচন, বলের নাম ‘অস্ত্র’

দেশে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ উইমেন্স সুপার লিগ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে যার ট্রফি ও ম্যাচ বলের উন্মোচন হয়ে গেছে আজ। 

টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম জানিয়েছেন, এবারই প্রথম কোনও লিগের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ম্যাচ বল। যার নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’।

ট্রফির ছবি। অবশ্য ম্যাচ বল ও ট্রফি উন্মোচন করা হয়েছে বিশ্বের একমাত্র ফুট আর্চার ওরিসা কেলির মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে।   

প্রাচীন অস্ত্র তৈরির শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বলের আকৃতিতে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সে কারণেই এর নাম রাখা হয়েছে অস্ত্র। বলটি ভারতে তৈরি এবং ফিফা কর্তৃক অনুমোদিত। বলের গায়ের ওপর নামটিও অঙ্কিত হয়েছে বাংলায়। আর টুর্নামেন্টের জন্য ২২ ইঞ্চি ট্রফিটি বানানো হয়েছে ইংল্যান্ড থেকে। বডিতে কপার ও সিলভার প্লেটের সঙ্গে রয়েছে ১৮ ক্যারেট সোনা।

পারফর্ম করেছেন ফুট আর্চার ওরিসা কেলিআয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লিগের এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে রয়েছে টিকটক। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির আকর্ষণ বাড়াতে তাতে হাজির হয়েছিলেন বিনোদন অঙ্গনের তারকারাও।

লিগ এই মাসেই মাঠে গড়াবে। চার দল নিয়ে ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত লিগটি হওয়ার কথা।