মেসির পিএসজি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি একদল সমর্থক। বুধবার এমন সিদ্ধান্ত ছড়িয়ে পড়তেই পিএসজির সদর দফতরে জড়ো হয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। একই দিন তাদের সমালোচনার মুখে পড়েছেন দলটির আরেক ফরোয়ার্ড নেইমারও!
পিএসজির সদর দফতরে জড়ো হয়েছিলেন এসজি নামের একদল পাগল ভক্ত। তারা সেখানে জড়ো হয়ে মেসিকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান দিয়েছেন। যা এক কথায় প্রকাশের অযোগ্য। বার বার ফিটনেস ইস্যুতে ছিটকে যাওয়া নেইমারকে নিয়েও সরব হন তারা। ৩১ বছর বয়সীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘চলে যাও’।
বলা যায় পিএসজিতে আসার পর ভক্তদের হৃদয় জিততে পারেননি মেসি। তার ওপর ক্লাবের প্রতি তার কমিটমেন্ট নিয়েও প্রশ্ন উঠেছে সর্বশেষ ঘটনায়। অনুমতি না নিয়ে পরিবারসহ সৌদি আরব সফর করেছেন। যে কারণে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে। নেইমারের অবস্থাও হয়েছে তাই। রেকর্ড ব্রেকিং ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর আবারও ন্যু ক্যাম্পে যাওয়ার চেষ্টা করেছিলেন। ব্যাপারটা ভালোভাবে নেয়নি প্যারিসিয়ানরা।
তার পরেও দুই মহাতারকা এখনও পিএসজির খেলোয়াড়। এভাবে আক্রমণের শিকার হওয়ায় নিন্দা জানিয়েছে পিএসজি। তারা বিবৃতিতে অপমানজনক ঘটনাটির প্রেক্ষিতে বলেছে, ‘একটি ক্ষুদ্রগোষ্ঠী কর্তৃক অসহনীয় ও অপমানজনক কমর্কাণ্ডে পিএসজি তীব্র নিন্দা জানাচ্ছে। যতই মতের পার্থক্য থাকুক না কেন, এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করা যায় না। এই ধরনের লজ্জাজনক কাণ্ডে ক্লাব তার খেলোয়াড় ও স্টাফদের পাশে থাকে সব সময়।’