নাপোলির শিরোপা উৎসব রূপ নিলো শোকে!

ইতালির দক্ষিণের শহর নেপলসে বেলা গড়াতেই উৎসব বিরাজ করছিল, সন্ধ্যায় তা রূপ নিলো চরমে। উদিনেসের মাঠে ১-১ গোলে ড্র করে ১৯৯০ সালের পর প্রথমবার সিরি আ ট্রফি জিতেছে শহরটির ক্লাব নাপোলি। আনন্দের বাধ ভেঙে গেলো, আতশবাজির ঝলকানিতে বর্ণিল গোটা নেপলস। কিন্তু এই শিরোপা উৎসবই একসময় হয়ে পড়লো নিয়ন্ত্রণহীন, মৃত্যু হলো ২৬ বছরের এক ভক্তের।

বন্দুকের গুলিতে মারাত্মক আহত হন ওই ভক্ত। তাকে নেওয়া হয় কারডারেল্লি হসপাতালে। জরুরি চিকিৎসা দেওয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি। প্রাণ হারানো ওই সমর্থক পিয়াজ্জা ভোলতুর্নোতে উদযাপন করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় নামা লাখ লাখ নাপোলি সমর্থকদের বাধভাঙা উদযাপনের মাঝে পড়ে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের চিকিৎসা নেওয়ার ভিত্তিতে নিকটস্থ স্বাস্থ্য হাসপাতালগুলো থেকে এমন তথ্য পাওয়া গেছে।

আহতের সংখ্যা ২০৩ জন, তাদের মধ্যে চারজনের গায়ে বুলেট লেগেছে। আরও কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এছাড়া আতশবাজি, কাঁধ সরে যাওয়া, কব্জি ও পায়ের ফাটল, চোখের সমস্যা, ভাঙা নাক, পড়ে গিয়ে আঘাত পাওয়া, মাথায় আঘাত ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে গেছেন কেউ কেউ। 

নেপলসের ফ্রাত্তামাজ্জিওরে প্রদেশে হাসপাতালে ভর্তি হন ২০ বছর বয়সী এক মেয়ে। মাথায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে উদযাপন করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হন।

উদযাপনের বাড়াবাড়িতে আহতের সংখ্যা বেড়েছে। কিন্তু কমেনি সমর্থকদের উচ্ছ্বাস। ৩৩ বছর পর যে ঘরে ফিরছে ট্রফি!