চূড়ান্ত হয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপের লাইনআপ। কুয়েতের পর দক্ষিণ এশিয়ার বাইরের আমন্ত্রিত দল হিসেবে এবার অংশ নিচ্ছে পশ্চিম এশিয়ান ফুটবল শক্তি লেবানন।
ফিফা র্যাংকিংয়ে লেবাননের অবস্থান ৯৯ নম্বরে। আটবারের রেকর্ড চ্যাম্পিয়ন ভারতের চেয়ে দুই ধাপ ওপরে এবং বাংলাদেশের থেকে ৯৩ ধাপ এগিয়ে।
নিশ্চিতভাবে ভারতের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে লেবানন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘরের মাঠে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শিরোপা ধরে রাখার লড়াই করবে।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ১৪তম আসরের দ্বিতীয় আমন্ত্রিত দল হিসেবে লেবাননকে চূড়ান্ত করার কথা জানান সাফের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল। সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘লেবানন আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা আশ্বস্ত করেছে যে তাদের সিনিয়র দল প্রতিযোগিতায় খেলবে। কুয়েতের সঙ্গে তাদের অংশগ্রহণ নিঃসন্দেহে এই অঞ্চল ও তার বাইরে প্রতিযোগিতার ভাবমূর্তি বাড়িয়ে দেবে।’
সাফ শুরুর আগেই ভারতে থাকবে লেবানন। জুনের ফিফা উইন্ডোতে তারা সেখানে আন্তঃমহাদেশীয় কাপ খেলবে, যেখানে স্বাগতিকরা ছাড়াও মঙ্গোলিয়া ও ভানুয়াতু লড়বে।
লেবানন আমন্ত্রণ গ্রহণ করায় এখন দুটি গ্রুপে চারটি করে দল অংশ নেবে। অষ্টম দল পেতে অপেক্ষা বাড়ায় গ্রুপের ড্র পেছানো হয়েছিল ২১ মে পর্যন্ত। লেবানন চূড়ান্ত হওয়ায় সেটা আবার এগিয়ে আনা হবে জানান হেলাল।