ফিফা রয়্যাল ল্যান গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

অনলাইনে ফুটবল গেম খেলার উৎসাহ দিতে বাংলাদেশের ইতিহাসে ফিফার সবচেয়ে বড় ল্যান টুর্নামেন্ট ফিফা রয়্যাল ২০২৩-এর আয়োজন করেছে ডিসকভারি ওয়ান লিমিটেড। মাসব্যাপী চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। এই টুর্নামেন্টে আর্থিক পুরষ্কার হিসেবে ১৫ লাখ টাকা পেয়েছে বিজয়ীরা।

বাংলাদেশের গেমিং কমিউনিটি এই টুর্নামেন্টটি ঘিরে ব্যাপক উন্মাদনায় কাটিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টায় জমজমাট ছিল ফিফা গেম নিয়ে আয়োজিত সব থেকে বড় এই গেমিং টুর্নামেন্ট। ৫৫০ জন ফিফা গেমার অনলাইনে রেজিস্ট্রেশন করার মাধ্যমে গত ৫ এপ্রিল থেকে গেমে অংশগ্রহণ করেন।  

সেখান থেকে অনলাইনে গেমের রাউন্ড খেলার মাধ্যমে সেরা ৩২ জন গেমার নির্বাচিত হয়। এরপর সেরা ১৬ জন গেমার একটি গেমিং স্টুডিওতে মুখোমুখি খেলায় অংশ নেন এবং সেরা ৮ জন ল্যান গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হন। গ্র্যান্ড ফাইনালের পর সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হন ঐতিহ্য আলাফ তাজওয়ার মজমুদার ও মো. আবরার হোসেন। চ্যাম্পিয়ন খেলোয়াড় ৯ লাখ টাকার পুরস্কার পেয়েছেন।  

এই অনুষ্ঠানে দেশ সেরা ব্যান্ড নেমেসিস এবং আর্টসেল পারফর্ম করেন। এছাড়াও নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী এবং আর্টসেলের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল একটি প্রীতি ম্যাচে অংশ নেন।