বাংলাদেশের সাফ দলে দুই নতুন মুখ

২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। ভারতের বেঙ্গালুরুর এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ৩৫ সদস্যের দলে আপাতত দুই নতুন মুখ। একজন হলেন মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন, অন্যজন ফর্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

এছাড়া দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ঈশা ফয়সাল ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ।

৩৫ জনের দল হলেও অনুশীলন শুরু হবে ২৭ জন খেলোয়াড় নিয়ে। 

আগামী ৪ জুন থেকে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামবে লাল-সবুজ দল। ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেঙ্গালুরু যাবে দল।

দল নিয়ে কাবরেরা বলেছেন, ‘কিছু নতুন খেলোয়াড় আছে এবারের দলে। ঘরোয়া ফুটবল দেখে তাদের বাছাই করা হয়েছে। আশা করছি এই দল নিয়ে আমরা সাফে ভালো করতে পারবো।’

আয়োজক সাফের কার্যালয়ে ১৫ মের মধ্যে নাম জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় আপাতত ৩৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণাকৃত দলে অন্য সবারই আগে দলে ডাক পাওয়ার রেকর্ড আছে। 

বাংলাদেশের স্কোয়াড-

গোলকিপার: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।