লক্ষ্যে শট না রেখেও ফাইনালে রোমা, ঘুরে দাঁড়ালো সেভিয়া

এএস রোমা বৃহস্পতিবার বায়ার লেভারকুসেনের মাঠে তাদের ইউরোপা লিগ সেমিফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করেছে। তাতে ১-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে ইতালিয়ান জায়ান্টরা। 

লেভারকুসেনের পক্ষে ভাগ্য ছিল না। ২৩টি শট নিয়েছিল তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বল একবার গোলপোস্টে লাগে। বল দখলে রেখেছিল ৭২ শতাংশ। অন্যদিকে লক্ষ্যে কোনও শট না রেখেও টানা ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহোর দল। গতবার ইউরোপিয়ান কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছিল রোমা। 

লেভারকুসেনের শুরুটা ভালোই হয়েছিল। ২১ বছরে প্রথম ইউরোপিয়ান ফাইনাল খেলার আভাস দিয়েছিল তারা। দ্বিতীয় মিনিটে রোমার লরেঞ্জো পেল্লেগ্রিনির সুযোগ ছাড়া প্রথমার্ধের বাকিটা সময় স্বাগতিকরা ছিল সুবিধাজনক অবস্থানে। প্রতিপক্ষের বক্স কয়েকবার এলোমেলো করে দিয়েছিল তারা। ১২তম মিনিটে মোসা দিয়াবি ক্রসবারে আঘাত করেন। ২১ মিনিটে কেরেম দেমিরবের নিচু ড্রাইভ ঠেকান গোলকিপার রুই প্যাট্রিসিও।

দ্বিতীয়ার্ধে রোমা গোলের চেষ্টা করেছিল। তবে লেভারকুসেন আক্রমণ চালিয়ে আরও সুযোগ তৈরি করে। দেমিরবেকে ৬৭তম মিনিটে আবারও ঠেকান প্যাট্রিসিও।

অন্যদিকে সেভিয়া অবিস্মরণীয় প্রত্যাবর্তনে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। স্প্যানিশদের মাঠে ৬৫তম মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে ফাইনালের পথে বড় ধাপ ফেলে জুভেন্টাস। কিন্তু পাঁচ মিনিট পর সুসোর গোলে সমতা ফেরায় সেভিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পঞ্চম মিনিটেই এরিক লামেলার গোল স্প্যানিশ ক্লাবকে তুলে দেয় ফাইনালে।

২০২০ সালে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতা সেভিয়া আগামী ৩১ মে বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে রোমার মুখোমুখি হবে।