দীর্ঘ প্রক্রিয়া শেষে মাউরিসিও পচেত্তিনোকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নিয়েছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, সাবেক টটেনহ্যাম কোচ ১ জুলাই আনুষ্ঠানিকভাবে চেলসির দায়িত্ব নেবেন।
এই সপ্তাহে বার্সেলোনা থেকে লন্ডনে উড়াল দেবেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করবে বলে দ্য সান জানিয়েছে।
অবশ্য ইংল্যান্ডে আরও আগেই ডাগআউটে দেখা যাবে পচেত্তিনোকে। ওল্ড ট্র্যাফোর্ডে সাবেক আর্জেন্টাইন সতীর্থ গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের কোচ হচ্ছেন তিনি। ১১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ইউনিসেফ চ্যারিটি ম্যাচে তার দল বিশ্ব একাদশ মাঠে নামবে। পচেত্তিনোর অধীনে আরও খেলবেন হার্নান ক্রেসপো, উসাইন বোল্ট, ফ্রান্সেস্কো টট্টি, প্যাট্রিক এভরা ও ন্যানি।
গত জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইতে বরখাস্ত হওয়ার পর থেকে আর কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হননি পচেত্তিনো। এই মৌসুম শেষে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।