চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে তিনি বর্ণবাদের শিকার হলে আন্তর্জাতিক ফুটবলে শোরগোল পড়ে যায়। তারই ধারাবাহিকতায় ব্রাজিলিয়ান তারকাকে অপমান করায় মঙ্গলবার তিন তরুণকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ।
মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদী মন্তব্যকারীকে চিহ্নিত করেন রিয়ালের উইঙ্গার। ম্যাচ কিছুক্ষণ বন্ধও ছিল। পরে মেজাজ ধরে রাখতে না পেরে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। ১-০ গোলে ম্যাচটি হেরে যায় রিয়াল। পরে ক্লাব এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করে। স্প্যানিশ আইনজীবীরা তদন্ত শুরু করেছেন। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও তীব্র নিন্দা জানান।
স্পেনের ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের মধ্যকার রবিবারের ম্যাচে বর্ণবাদী আচরণের ঘটনায় ভ্যালেন্সিয়া থেকে আজ (মঙ্গলবার) তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।’
একই দিন আরও চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গত জানুয়ারিতে মাদ্রিদের একটি ব্রিজে ভিনিসিয়ুসের প্রতিমূর্তি ঝুলানোয় তাদের আটক দেখানো হয়েছে।