প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত দুই গোলে পিছিয়ে আল নাসর। সৌদি প্রো লিগের তৃতীয় দল আল শাবাবের কাছে হারের শঙ্কা উড়িয়ে বিরতির আগেই ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ২-২ গোলে সমতা ফেরায়। পরে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার ৩-২ গোলে জিতেছে তার দল।
প্রথমার্ধে লুইজ গুস্তাভোর বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আল শাবাব। গনসালো গুয়াঙ্কো স্পট থেকে অগাস্টিন রোসিকে পরাস্ত করেন। ৪০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন।
৪৪তম মিনিটে একটি গোল শোধ দেন অ্যান্ডারসন তালিস্কা। মৌসুমের ষষ্ঠ গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতিতে ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর।
আব্দুলরহমান ঘারিব ৫১তম মিনিটে ছয় গজ দূর থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান। তারপর রোনালদোর জাদু। গুস্তাভোর পাস থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ থেকে ডানদিকে এগিয়ে যান। তারপর ছোট ডিবক্সের পাশ থেকে ড্রাইভ করে জাল কাঁপান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে অদম্য শটে ১৪তম লিগ গোল করেন পর্তুগিজ তারকা।
ওই গোল গড়ে দেয় পার্থক্য। এই জয়ে লিগে ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখলো আল নাসর। মৌসুমের ২ ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান থেকে তিন পয়েন্ট পেছনে তারা।
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান খেলে ৬৬ পয়েন্টে সবার ওপরে আল ইত্তিহাদ।