‘কোচকে ফোন করেছিলাম, তিনি বলেছেন ক্লান্ত’

জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন গোলাম রব্বানী ছোটন। দুয়েকদিনের মধ্যে পদত্যাগপত্র দিতে চাইছেন। যে কারণে আজ মেয়েদের অনুশীলনেও যাননি। তার দায়িত্ব ছাড়ার ঘোষণায় দুই দিন ধরে ফুটবল অঙ্গন বেশ উত্তপ্ত। বাফুফে থেকে ছোটনের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত ইতিবাচক কিছু মিলেনি।

মেয়েদের অনুশীলনে না গিয়ে ছোটন বাসাতেই সময় কাটিয়েছেন। আজ এক ফাঁকে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তার সঙ্গে ফোনে কথাও বলেছেন। তবে ছোটনকে তার সিদ্ধান্ত থেকে টলানো যায়নি।

বাংলা ট্রিবিউনকে কিরণ বলেছন, ‘আমি মিডিয়াতে ছোটন ভাইয়ের বিষয়টি শুনেছি। আজ তাকে ফোন দিয়েছিলাম। উনি বলেছেন তিনি ক্লান্ত। তার বিশ্রাম দরকার। তাই দায়িত্ব পালন করতে চাইছেন না।’

তখন আমি আবার তাকে বলেছি, ‘বেশি পরিশ্রম হলে কয়েক দিন ছুটিতে থাকেন। সমস্যা তো নেই।’ তারপরও তিনি আসতে রাজি নন।

তবে এখনই ছোটনের বিকল্প ভাবতে চাইছে না বাফুফে। আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র পাওয়ার পর চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছে। কিরণ বলেছেন, ‘এখনও বিকল্প ভাবিনি। ছোটন ভাই তো অফিসিয়ালি আমাদের কিছু বলেননি।’

শুধু ছোটন পদত্যাগের ঘোষণা দিয়েছেন তা নয়, দলের অন্যতম সেরা স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টিকে কিরণ স্বাভাবিক চোখে দেখছেন, ‘কেউ যদি অবসরে চলে যেতে যায়, কিছু করতে পারবো না। এখানে কী বলার আছে।’