বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে

বাংলাদেশ জাতীয় দলে সম্প্রতি ‘বিদেশি’ খেলোয়াড়কে দেখা গিয়েছে। এলিটা কিংসলে খেলেছেন লাল-সবুজ জার্সিতে। এবার একই ইচ্ছা প্রকাশ করলেন মোহামেডানকে ১৪ বছর পর শিরোপা এনে দেওয়া মালিয়ান স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে।

মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলে একাই চার গোল করেন দিয়াবাতে। ৪-৪ গোলে অতিরিক্ত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারেও জাল কাঁপান তিনি। এবার বাংলাদেশের জার্সিতেও মাঠে নামার আকাঙ্ক্ষা জানালেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

বুধবার এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে দিয়াবাতে বলেছেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো।’ গত পাঁচ বছর ধরে মোহামেডানের সঙ্গে খেলছেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অন্য ক্লাব বা দেশের হয়ে খেলেননি। তাতে করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে তার। এজন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

diabte 1

সম্প্রতি জন্মসূত্রে নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে অনেক শক্ত পথ পাড়ি দিয়ে বাংলাদেশের জার্সি পরেছেন। অনেক আগেই তিনি বাংলাদেশি পাসপোর্ট পেয়েছিলেন। তারপর নানা শর্ত পূরণ করে লাল-সবুজ জার্সি গায়ে চড়ান। 

দিয়াবাতেও কি বাংলাদেশের পাসপোর্ট চেয়েছিলেন? এমন প্রশ্নে নিজে থেকে উদ্যোগ না নেওয়ার কথা জানান তিনি। ফেডারেশনের কাছ থেকে প্রস্তাব পেতে চান, ‘আমি নিজ উদ্যোগে পাসপোর্ট চাইছি না। তারা যদি আমাকে প্রস্তাব দেয়, তাহলে আমি করতে পারি।’

এক সাক্ষাৎকারে দিয়াবাতে আরও জানান, শিগগিরই বাংলাদেশের ফুটবলে তার ছোট ভাইকে খেলাতে যাচ্ছেন।

বাংলাদেশের ফুটবলে আক্রমণভাগের দুর্বলতা বেশ স্পষ্ট। সেই জায়গায় দিয়াবাতের অন্তর্ভুক্তি হতে পারে বড় পাওয়া। ঘরোয়া ফুটবলে অন্যতম শীর্ষ স্ট্রাইকার তিনি। গত বছর ছিলেন লিগের শীর্ষ গোলদাতা, চলতি মৌসুমে এখন তার অবস্থান দুইয়ে। ফেডারেশন কাপ শেষ করেছেন সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে।

এখন দেখার অপেক্ষা, কিংসলের দেখানো পথ ধরে দিয়াবাতেও বাংলাদেশের জার্সি পরতে পারেন কি না!