বার্সায় ফেরা ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মেসির ওপর: জাভি

এই মৌসুমের ট্রান্সফার উইন্ডোর আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। সৌদি আরব থেকে শুরু করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো চুক্তিপত্রে তার সই নিতে লাইনে দাঁড়িয়ে। আগামী ৩০ জুন ফ্রি এজেন্ট পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে বার্সেলোনায় তার ফেরার প্রসঙ্গ উঠছে তুলনামূলকভাবে বেশি। তার সাবেক সতীর্থ ও বার্সা কোচ জাভি হার্নান্দেজ কদিন আগে বলেন, মেসির ইচ্ছার ওপর নির্ভর করছে ন্যু ক্যাম্পে ফেরা। পুরোনো কথাটি আরেকবার জোরালো গলায় বললেন তিনি।

লা লিগা জয়ী জাভি টিভিথ্রি-কে বলেছেন, ‘এটা নির্ভর করছে তার (মেসি) ওপর। যদি সে বার্সায় আসতে চায়, আমরা প্রয়োজনীয় সবকিছু করবো যেন সে আসতে পারে। আমি মনে করি কন্ডিশনগুলো ঠিক আছে। ফুটবলীয় দিক থেকে আমার মনে হয়, সে এখনও আমাদের অনেক সাহায্য করতে পারে। কিন্তু এটা ৯৯ শতাংশ নির্ভর করছে তার ওপর।’

messi-psg1

এর আগে এক প্রশ্নের জবাবে দিয়ারিও স্পোর্টকে জাভি বলেন, ‘আমি ফুটবলের যে দায়িত্বে আছি, তাতে এটা বুঝি মেসি ফিরলে সেটা আমাদেরই সাহায্য করবে। ক্লাব প্রেসিডেন্টকে এটা পরিষ্কার বলে দিয়েছি, মেসিকে নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। কারণ মেসি এখনও পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার মাঝে এখনও সেই ক্ষুধা রয়েছে। সে একজন বিজয়ী এবং নেতা।’

এদিকে ফরাসি গণমাধ্যম লে’কিপ বলছে, মেসিকে ফেরাতে বার্সা আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে যুক্ত হচ্ছে। স্প্যানিশ জায়ান্টদের পরিকল্পনা, ফ্রি ট্রান্সফারে মিয়ামি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে কিনে তাদের কাছে দেড় বছরের জন্য ধার দেবে।