সৌদি আরবে প্রত্যাশা পূরণ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। আল হিলালে রেকর্ড বেতনে চুক্তিবদ্ধ হয়ে প্রথম মৌসুম শেষ করেছেন খালি হাতে। তবে প্রাপ্তির খাতা শূন্য হলেও সৌদি ফুটবলেই থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। আর লিওনেল মেসি ও করিম বেনজেমাদের যোগ দেওয়ার গুঞ্জনে রোনালদো বললেন, তাদের স্বাগত জানাবেন।
গত এপ্রিলে গুঞ্জন ওঠে, আল হিলালে রেকর্ড বেতনে যোগ দিচ্ছেন মেসি। সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে বৃহস্পতিবার পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের ঘোষণায়, এই মৌসুমের পর আর প্যারিসে থাকছেন না আর্জেন্টিনার ফরোয়ার্ড। এদিকে কানাঘুষা চলতে থাকে, আল ইত্তিহাদে চুক্তি করছেন বেনজেমা। যদিও ফরাসি ফরোয়ার্ড একে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। সাফ জানিয়ে দেন, আগামী মৌসুমে চুক্তি শেষ হলে পরে অন্য কোথাও যাওয়ার কথা ভাববেন।
রোনালদোর মতে, এই বড় তারকারা এলে সৌদি লিগের উন্নতি তরান্বিত হবে, ‘তারা যদি আসে, বড় খেলোয়াড়, বড় নাম, তরুণ খেলোয়াড়, ‘বুড়ো খেলোয়াড়,’। তাদেরকে স্বাগতম। কারণ এটা হলে লিগ কিছুটা উন্নতি করবে।’
এর আগে রোনালদো জানান, বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে জায়গা করে নিতে যাচ্ছে সৌদি প্রো লিগ। এজন্য আরও উন্নতি করতে হবে। সবশেষ তিনি বলেন, ‘লিগ খুব ভালো। কিন্তু আমি মনে করি আমাদের উন্নতির আরও অনেক সুযোগ আছে। লিগ প্রতিযোগিতাপূর্ণ। খুব ভালো দল আছে, অনেক ভালো আরব খেলোয়াড় আছে, কিন্তু পরিকাঠামোয় তাদের উন্নতি করতে হবে। এমনকি রেফারি, ভিএআর পদ্ধতি হতে হবে আরও দ্রুত। আমার মতে আরও কিছু ছোট ব্যাপারগুলোতে উন্নতি করতে হবে। আমি এখানে খুশি। আমি এখানে থেকে যেতে চাই। আগামী পাঁচ বছরে সৌদি লিগ বিশ্বের বিশ্বের পাঁচটি শীর্ষ লিগের মধ্যে থাকতে পারে।’