মেসির ‘শেষ ম্যাচ’ নিয়ে কোচ ও পিএসজির ভিন্ন সুর!

ক্লারমন্তের বিপক্ষে শনিবার প্যারিস সেন্ট জার্মেইর হয়ে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। কোচ ক্রিস্তফ গালতিয়ের বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন। কিন্তু ক্লাব সূত্র বলেছেন ভিন্ন কথা।

২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন মেসি, যা শেষ হবে আগামী ৩০ জুন। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে এখনও চুক্তি নবায়ন না হওয়ায় সামনের মাসে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে ফ্রি এজেন্ট হিসেবে দেখা হচ্ছে।

গতকাল গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছে। এটাই পার্ক দে প্রিন্সেসে তার শেষ ম্যাচ। আমি আশা করি সে উষ্ণতম অভ্যর্থনা পাবে।’

কিন্তু ক্লাব সূত্রমতে, এটা মেসির চলতি মৌসুমের শেষ ম্যাচ হতে যাচ্ছে। এখনই তার সঙ্গে নতুন চুক্তির আশা ছাড়ছে না প্যারিস ক্লাব। রেকর্ড ১১ বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত অপেক্ষা করবে। রয়টার্সকে ওই সূত্র জানান, ‘এটা হতে যাচ্ছে এই মৌসুমে তার শেষ ম্যাচ।’