ইনজুরির কারণে সাড়ে তিন মাস ধরে মাঠের বাইরে নেইমার। শনিবার ক্লারমন্তের কাছে হারের পর পিএসজির লিগ ওয়ান ট্রফি উদযাপনে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি। সম্ভবত লিওনেল মেসির বিদায়ক্ষণে থাকাই ছিল মূল উদ্দেশ্য। ‘শিরোপা পার্টি’ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ড টানেলে ঢুকতেই তাকে অনুসরণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বন্ধুর বিদায়ে নিশ্চিতভাবে মন কাঁদছিল নেইমারের। ম্যাচের আগেই মেসির পিএসজি অধ্যায় শেষ হওয়ার ঘোষণা আসে। বার্সেলোনার পর পিএসজিতে দুই বছর কাটানো সতীর্থকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মেসিকে ভাই ডেকে নেইমার লিখেছেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম সেভাবে হলো না। কিন্তু আমরা সব চেষ্টাই করেছিলাম। তোমার সাথে আরও দুটি বছর কাটাতে পারা ছিল আনন্দের। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা, সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’
নেইমারকেও জবাব দিতে দেরি করেননি মেসি, ‘ধন্যবাদ নেইমার। সবকিছু পাশ কাটিয়ে আমরা আবারও একসঙ্গে খেলা ও প্রতিটি দিন উপভোগ করেছি। তোমাকে শুভকামনা জানাই। তুমি দারুণ একজন মানুষ, এটাই সবচেয়ে মূল্যবান। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গেও চুক্তির অবসান ঘটাতে চায় পিএসজি। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেতে নারাজ।