বর্ণবাদবিরোধী প্রচারণায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও স্পেন

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ব্রাজিল। গত ২১ মে ভ্যালেন্সিয়ার মাঠে তাদের ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার হলে বিশ্বজুড়ে এর বিরুদ্ধে সরব কণ্ঠ প্রকাশ করেন বর্তমান ও সাবেক তারকা থেকে শুরু করে বিভিন্ন ফুটবল সংস্থার প্রধান। বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে চলতি জুনে দুই আফ্রিকান দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। একই কারণে এবার তারা স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে।

‘ওয়ান স্কিন’ স্লোগানে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে আগামী মার্চে ব্রাজিল ও স্পেন মুখোমুখি হবে। সোমবার দুই দেশের ফুটবল ফেডারেশন এই খবর নিশ্চিত করেছে। যে দেশের মাটিতে বর্ণবাদী মন্তব্য শুনেছেন ভিনিসিয়ুস, সেই স্পেনেই হবে ম্যাচটি। 

স্প্যানিশ ফুটবল প্রশাসন সংস্থা আরএফইএফ প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস ‘বর্ণবাদকে ফুটবল’ থেকে মুছে ফেলার ব্যাপারে দৃঢ়কণ্ঠ প্রকাশ করেছেন। পৃথিবীর সব কোণায় অবস্থিত বর্ণবাদের বিরুদ্ধে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ।

ব্রাজিল ও স্পেন দশমবারের মতো ফুটবল মাঠে মুখোমুখি হবে। পাঁচটি জিতে এগিয়ে দক্ষিণ আমেরিকানরা, দুটি জিতেছে ইউরোপিয়ানরা এবং দুটি ড্র। তাদের শেষ দেখা হয়েছিল ২০১৩ সালের কনফেডারেশনস কাপ ফাইনালে, তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারায় সেলেসাওরা।

আগামী ১৭ জুন গিনির বিপক্ষে ব্রাজিল একটি প্রীতি ম্যাচ খেলবে। তিন দিন পর তাদের প্রতিপক্ষ সেনেগাল। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই দুটি ম্যাচ খেলবে তারা।