মেসির থেকে রোনালদো ‘আলোকবর্ষ’ দূরে: সাবেক আল হিলাল কোচ

গত বছরের শেষ দিকে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে পা রেখে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ট্রফি ছাড়াই শেষ হয়েছে তাদের মৌসুম। শোনা যাচ্ছে, রোনালদোর প্রতিদ্বন্দ্বী হয়ে আল হিলালে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ব্যাপারটি এখনও গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ। তবে সৌদি ফুটবলে এখনই শুরু হয়ে গেছে দুজনের মধ্যে তুলনা! আল হিলালের সাবেক কোচ এমিলিয়ানো দিয়াজের মতে, মেসির থেকে রোনালদো আলোকবর্ষ দূরে।

রোনালদো ও মেসির তুলনা প্রসঙ্গে দিয়াজ টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘না, কোনোভাবে না, ফুটবলার হিসেবে তো নয়ই। কোনও তুলনা নেই। তিন মাসও হয়নি আমরা তার (রোনালদো) মুখোমুখি হয়েছিলাম এবং আমি লিওকে দেখতে বিশ্বকাপে গিয়েছিলাম। তুলনা! মেসির থেকে রোনালদো আলোকবর্ষ দূরে। পরিসংখ্যান তার পক্ষে, সে একজন দুর্দান্ত। কিন্তু লিওর মানের স্তরে কোনও তুলনা নেই।’

রোনালদো আল নাসরে যোগ দিয়ে ১৪ গোল ও দুই অ্যাসিস্টে মৌসুম শেষ করেছেন। সব প্রতিযোগিতায় ১৯ ম্যাচের ১১টিতে গোল করতে পারেননি। কিংস কাপ, সুপার কাপের সেমিফাইনালে হারের পর আল নাসর প্রো লিগ শেষ করেছে রানার্সআপ হয়ে। এই সময়ে আল হিলালের সহকারী কোচ হিসেবে রোনালদোর মুখোমুখি হন দিয়াজ। বাবা র‌্যামনের সহকারী ছিলেন তিনি। পরে ভারপ্রাপ্ত কোচ হন।

রোনালদোর প্রথম ছয় মাস নিয়ে দিয়াজের মূল্যায়ন, ‘তার কঠিন সময় গেছে। আমরা (আল হিলাল) তার মুখোমুখি হয়েছিলাম, ভালো সময় কেটেছে। বড় বড় ক্লাবে সে কোনও পার্থক্য তৈরি করতে পারে না। ছোট ক্লাবের বিপক্ষে তিন বা চারটা গোল করে এবং আমি দেখলাম, এখানেও তাকে নিয়ে কথা হচ্ছে। সে কিংস কাপ, সুপার কাপ হেরেছে এবং টুর্নামেন্টও। এশিয়ায় সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’