ব্যাপারটাকে বলা হচ্ছে লিওনেল মেসি ইফেক্ট। এই আর্জেন্টাইনের ইন্টার মিয়ামিতে আসার খবরে টিকিটের দাম হয়েছে আকাশচুম্বী!
মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ হতে পারে ২১ জুলাই। সেদিন মিয়ামি ক্রুজ আজুলকে আতিথ্য দেবে। মেসির মিয়ামিতে যোগ দেওয়ার খবরে টিকিটের দাম বেড়েছে এই ম্যাচেরই। মঙ্গলবার পর্যন্তও সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২৯ ডলার। কিন্তু বুধবার এই টিকিটের দাম ছুঁয়েছে ৩২৯ ডলারে! লাফ দিয়ে যা বেড়েছে ১ হাজার ৩৪ শতাংশের মতোন।
নিউ ইয়র্কের অনলাইন টিকিটের বাজার নিয়ন্ত্রণকারী টিকপিক এমন তথ্য জানিয়েছে। তাতে যুক্তরাষ্ট্রের মাটিতে মেজর লিগ সকারে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতে যাচ্ছে মেসির অভিষেক ম্যাচটি।
টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন বলেছেন, ‘মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার খবরে টিকিটের মূল্য তাৎক্ষণিকভাবে বিশাল লাফ দিয়েছে। মেসির মতো সর্বকালের সেরা ফুটবলার ইন্টার মিয়ামিতে যতবার খেলতে নামবে, ততবারই টিকিটের মূল্যে রেকর্ড হতে দেখা যাবে।’