যে ক্লাবটিতে মেসির বেড়ে ওঠা, সব কিছু অর্জন। ক্যারিয়ারের অন্তিম লগ্নে সেই ক্লাবটিকেও বেছে নেননি তিনি। অথচ সবার ধারণা ছিল হয়তো স্প্যানিশ ক্লাবটিতেই প্রত্যাবর্তন হবে বিশ্বকাপ জয়ী তারকার। সেটি না হলেও তার ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার খবরে শুভকামনা জানিয়েছে বার্সেলোনা।
তবে বার্সার দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে ‘কম চাহিদাসম্পন্ন লিগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘স্পট লাইট থেকে দূরে থাকতে এবং সম্প্রাতিক সময়ে যে চাপের মাঝে ছিলেন তার জন্য কমচাহিদা সম্পন্ন লিগ বেছে নেওয়ায় মেসির সিদ্ধান্তটি বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা উপলব্ধি করতে পেরেছেন। যার প্রতি তার সম্মানও আছে।’
বিবৃতিতে আরও জানানো হয় যে মেসিকে ক্লাব থেকে উপযুক্ত বিদায়ী অভ্যর্থনা জানাতে লাপোর্তা ও মেসির বাবা হোর্হে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
গতকাল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণার সময়ই বার্সায় কেন প্রত্যাবর্তন হয়নি তার ব্যাখ্যা দিয়েছেন মেসি। মূলত দুই বছর আগে ইচ্ছার বিরুদ্ধে ক্লাবটি ছাড়তে হয়েছিল দেখে আবারও সেই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে চাননি তিনি, ‘আমি বার্সায় ফিরতে চেয়েছি। সেখানে ফেরার জন্য মুখিয়েও ছিলাম। কিন্তু সর্বশেষবার যে অভিজ্ঞতা হয়েছিল, একই পরিস্থিতিতে আবার পড়তে চাইনি। নিজের ভবিষ্যৎ অন্য কারো হাতে দিতে চাইনি। শুনেছি তাদের সেজন্য খেলোয়াড় বিক্রি করতে হতো বা তাদের সেলারি কমাতে হতো। সত্যি কথা হলো আমি এসবের মধ্যে যেতে চাইনি। এসবের জন্য দায়ী হতে চাইনি। আমি এসবে ক্লান্ত।’
তার সঙ্গে নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন ৩৫ বছর বয়সী, ‘বার্সায় ফেরার স্বপ্নটা আমার ছিল। আমি ইনিয়েস্তা, বুসকেৎজ, জর্ডি আলবা, জাভির মতো বিদায় পেলে খুশি হতাম। বার্সা ভক্তদের কাছে নিজের নাম শোনার অনুভূতিটা অন্যরকম। কিন্তু আমি সেখানে নেই..।’