প্রায় ৯ মাস মাঠে না নেমেও র‌্যাংকিংয়ে আগের জায়গায় সাবিনারা

গত বছর সেপ্টেম্বরে নেপালকে কাঠমান্ডুতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। এরপর থেকে আর ফুটবল খেলতে মাঠে নামেননি সাবিনা খাতুনরা। তবুও সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে আগের জায়গায় বাংলাদেশ।

সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দল সাত ধাপ এগিয়ে ১৪০তম হয়েছিল। প্রায় ৯ মাস মাঠে না নেমেও সেই একই অবস্থানে মেয়েরা। এর মধ্যে মিয়ানমারে একটি টুর্নামেন্টে খেলার কথা থাকলেও তাদের পাঠায়নি বাফুফে।

সম্প্রতি দলটির প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেছেন। তার আগে দলের অন্যতম সেরা স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না অবসরের ঘোষণা দেন।

শুক্রবার প্রকাশিত র‌্যাংকিংয়ে যথারীতি আগের মতো শীর্ষে যুক্তরাষ্ট্র। সেরা পাঁচে জার্মানি, সুইডেন, ইংল্যান্ড ও ফ্রান্স অনড় অবস্থানে।