মেসিকে না পেয়ে নেইমারের দিকে নজর আল হিলালের

লিওনেল মেসিকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বানাতে চেয়েছিল আল হিলাল। তাদেরকে হতাশ করে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন তিনি। আর তাকে না পেয়ে আরেক পিএসজি তারকা নেইমারের দিকে নজর গতবারের সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নদের।

নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির ব্যাপারে কথা বলতে শুক্রবার আল হিলাল তাদের প্রতিনিধিদের প্যারিসে পাঠায়। সিবিএস স্পোর্টস একই প্রতিবেদনে আরও জানায়, গত ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর সমান ২০ কোটি ইউরো বার্ষিক বেতনে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি করতে চায় ক্লাবটি। 

অবশ্য নেইমারের জন্য সাড়ে চার কোটি ইউরো পিএসজিকে দিতে চায় সৌদি ক্লাব। তাতে করে ২২ কোটি ২০ লাখ ইউরোতে সাবেক বার্সা ফরোয়ার্ডকে কেনা পিএসজি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এটাই আল হিলাল ও নেইমারের চুক্তির পথে প্রধান অন্তরায়।

অবশ্য ফরাসি চ্যাম্পিয়নরা এরই মধ্যে ইউরোপের বিভিন্ন ক্লাবের কাছে নেইমারকে কেনার প্রস্তাব দিয়েছে পিএসজি। আগামী মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আর দলে রাখতে চাইছে না ফরাসি চ্যাম্পিয়নরা। যদিও এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রস্তাব তারা পায়নি। ফিটনেস ইস্যুর কারণেই ৩১ বছর বয়সী তারকাকে নিয়ে আগ্রহ কম বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিগামেন্ট ইনজুরিতে পড়ে প্রায় চার মাস মাঠের বাইরে নেইমার।