ভুল পাসপোর্টের কারণে চীনে বিপদে পড়েছিলেন মেসি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চীনে আর্জেন্টিনা। দলটির অধিনায়ক লিওনেল মেসি গত বৃহস্পতিবার বেইজিংয়ে উড়াল দেন। সঙ্গে ছিলেন তার দেহরক্ষী এবং জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াসহ কয়েকজন বন্ধু।

কিন্তু চীনের রাজধানীতে নেমেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন মেসি। তাকে আটকে দেন সীমান্ত নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। যে পাসপোর্ট আর্জেন্টাইন অধিনায়ক ব্যবহার করেছিলেন, সেটায় খুশি হতে পারেননি তারা।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি আর্জেন্টাইন পাসপোর্ট রেখে স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করেছিলেন। ধারণা করা হচ্ছে, তাইওয়ানকে চীনের অংশ ভেবে স্প্যানিশ পাসপোর্ট সঙ্গে নেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। সীমান্ত নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের তাকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘তাইওয়ান কি চীনের অংশ নয়?’

নিরাপত্তা কর্মীদের পরে মেসি জানান, তার সঙ্গে আর্জেন্টাইন পাসপোর্ট নেই। গণমাধ্যম জানিয়েছে, পরে দুই ঘণ্টা ধরে অপেক্ষার পর এই সমস্যার সমাধান হয়। তাকে বিশেষ ব্যবস্থায় ভিসা দেওয়া হয়। তারপরই বিমানবন্দর ত্যাগ করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।