গত বছরই পিএসজিকে সিদ্ধান্ত জানিয়েছিলেন এমবাপ্পে

ফরাসি আউটলেট লে’কিপের প্রতিবেদনের পর চুক্তি নবায়নের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কিলিয়ান এমবাপ্পে। চুক্তি বাড়ানোর বিষয়ে পিএসজির সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে দাবি করেছেন ফরাসি তারকা।

আলোচনার জন্ম দিয়েছে মূলত ফরাসি আউটলেট লে’কিপের প্রতিবেদন। এমবাপ্পে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর তা নবায়ন করবেন না বলে ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছেন। সেখানে আরও বলা হয়, এরপরই নাকি এমবাপ্পেকে দলবদলের বাজারে তোলার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। আর সেটা তারা করতে চায় এই মৌসুমেই! নয়তো সামনের বছর জুনে ফ্রি ট্রান্সফারে তাকে ছেড়ে দিলে কোনও লাভ হবে না পিএসজির।

এমবাপ্পের চুক্তিটা মূলত ২০২৪ সাল পর্যন্ত। তাতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশনও রয়েছে।   

তবে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, গত বছরের জুলাইয়ে ক্লাবকে জানিয়েছিলেন যে চুক্তির মেয়াদ ২০২৪ সালের পর আর বাড়াতে চান না তিনি। সেই চিঠিটি তিনি পিএসজিকে দিয়েছেন ১৫ জুলাই ২০২২ সালে। সেখানে বলা হয়েছে নির্ধারিত চুক্তির পর মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশনটা কার্যকর না করতে। আর এই চিঠি দেওয়ার অর্থ ছিল, আগে যা কথা হয়েছে তারই নিশ্চিতকরণ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চুক্তির সম্ভাব্য নবায়ন নিয়ে কোনও আলোচনাই হয়নি। এমবাপ্পে আগামী মৌসুমেও যে পিএসজির খেলোয়াড় থাকবেন, সেটা সাম্প্রতিক সপ্তাহে জনসম্মুখে বলার পরও তাকে এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি পিএসজি। ক্লাবকে এটাও বলেছেন, আগামী মৌসুমের পর তিনি চুক্তির বাড়তি অপশনটিও কার্যকর করবেন না।’   

মঙ্গলবারও টুইটারে এমবাপ্পে বলেছেন, এই ক্লাবে সুখেই আছেন। আর চুক্তির মেয়াদের ২০২৪ সাল পর্যন্ত এখানেই থাকবেন তিনি।