এক নিমিষেই শেষ কম্বোডিয়া-বাংলাদেশ ম্যাচের টিকিট

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হবে এই খেলা। এরই মধ্যে ম্যাচটিকে ঘিরে সেখানে বেশ চর্চা হচ্ছে। যার প্রমাণ এই ম্যাচের জন্য ছাড়া টিকিটের চাহিদা। এক নিমিষেই শেষ হয়ে গেছে টিকিট!

ভেন্যু অলিম্পিক স্টেডিয়াম, তবে এরই মধ্যে সব টিকিটি বিক্রি হয়ে গেছে। নমপেন থেকে এই তথ্য  জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার বলে জানা গেছে। আর এরই মধ্যে ৩০ হাজার টিকিট শেষ! বোঝাই যাচ্ছে, উত্তেজনা ছড়াতে যাচ্ছে ম্যাচটি। 

ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়েছে, উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দুজনই ঘুরেফিরে গত বছর সেপ্টেম্বরে কম্বোডিয়ায় পাওয়া বাংলাদেশের জয়ের কথা মনে করিয়ে দিয়েছেন।

আগামীকাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে কম্বোডিয়ার টিভি চ্যানেল বিটিভি কম্বোডিয়া। এছাড়া চ্যানেলটির অনলাইন প্ল্যাটফর্ম থেকেও খেলা সরাসরি দেখার সুযোগ রয়েছে।