ফিফা প্রীতি ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচে হাভিয়ের কাবরেরা একাদশও নির্ধারণ করে ফেলেছেন।
তেকাঠির নিচে অভিজ্ঞ আনিসুর রহমান জিকোর ওপর ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ। রক্ষণে কাজী তারিক রায়হান,মেহেদী হাসান, বিশ্বনাথ ও আলমগীর মোল্লা রয়েছেন। মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়া, দুই সোহেল রানা তো আছেনই।
দুই তরুণ ফয়সাল আহমেদ ফাহিম ও মজিবর রহমান জনি উইং দিয়ে ওপরে উঠার চেষ্টা করবেন। আর নম্বর নাইন হিসেবে সুমন রেজার ওপর আস্থা কাবরেরার। গত বছর কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র গোলদাতা রাকিব হোসেনকে রাখা হয়নি একাদশে।
প্রতি আক্রমণ নির্ভর খেলার কথা থাকলেও খোলস পাল্টে আক্রমণাত্মক ছকে দেখা যেতে পারে লাল-সবুজ দলকে।
এরই মধ্যে ম্যাচটিকে ঘিরে সেখানে বেশ চর্চা হচ্ছে। যার প্রমাণ এই ম্যাচের জন্য ছাড়া টিকিটের চাহিদা। এক নিমিষেই শেষ হয়ে গেছে টিকিট!
ভেন্যু অলিম্পিক স্টেডিয়াম, তবে এরই মধ্যে সব টিকিটি বিক্রি হয়ে গেছে। নমপেন থেকে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার বলে জানা গেছে। আর এরই মধ্যে ৩০ হাজার টিকিট শেষ! বোঝাই যাচ্ছে, উত্তেজনা ছড়াতে যাচ্ছে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, আলমগীর মোল্লা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি ও মেহেদী হাসান।