সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত। বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টের ১৪তম আসর। তার আগে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও নিজেদের শক্তি দেখালো। সাফে প্রথমবারের মতো খেলার অপেক্ষায় থাকা লেবাননকে চার জাতি টুর্নামেন্টে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
রবিবার (১৮ জুন) উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের দুই লক্ষ্যভেদে ভারত ২-০ গোলে লেবাননকে পরাস্ত করে ট্রফি নিয়ে উৎসব করেছে। অথচ ফিফা র্যাংঙ্কিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটি স্বাগতিকদের চেয়ে দুই ধাপ এগিয়ে ছিল। চার জাতি টুর্নামেন্ট শুরুর আগে ১০১ র্যাংকিংয়ে থাকা লেবানন ফেভারিট থাকলেও ফাইনাল জিততে পারেনি।
ভারত ম্যাচ ঘড়ির ৪৬ মিনিটে লালিয়ানজুয়ালা চাংতের পাসে সুনীল ছেত্রী লক্ষ্যভেদে এগিয়ে যায়। ২০ মিনিট পর এবার লালিয়ানজুয়ালাই গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ভারত-লেবানন ম্যাচে দৃষ্টি রেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বিকালে অনুশীলনের পর সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। হয়তো ম্যাচ দেখে সাফের জন্য ছকও কষতে শুরু করে দিয়েছেন।
২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে হাভিয়ের কাবরেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।
আর এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও রয়েছে কুয়েত, পাকিস্তান ও নেপাল।