বিশ্ব ফুটবলে আলোচনার তুঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনে দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন অনেকবার। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনেও ফিফার গঠিত কমিটির নেতৃত্বে তিনি। এই অস্বস্তিকর পরিস্থিতিতে সবাইকে পাশে পাচ্ছেন। তাই রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বরং ১০০ কোটি ইউরো রিলিজ ক্লজে পাঁচ বছরের নতকুন চুক্তি করতে যাচ্ছেন।
আগামী বছরের জুনে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। গত জানুয়ারি থেকে চুক্তি নবায়ন নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু স্প্যানিশ আউটলেট কাদেনা এসইআর-এর দাবি, এই সপ্তাহে কিংবা পরের সপ্তাহের শুরুতে নতুন চুক্তিতে সই করবেন ভিনিসিয়ুস।
ওই প্রতিবেদনে বলা হচ্ছে, ১০০ কোটি রিলিজ ক্লজের সঙ্গে ২২ বছর বয়সী ফরোয়ার্ড বোনাসও পাবেন, যদি স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ব্যালন ডি’অর জেতেন। গত বছর ব্যালন ডি’অরের তালিকায় আটে থাকা ভিনিসিয়ুস রিয়ালের শীর্ষ উপার্জনকারী খেলোয়াড় হতে যাচ্ছেন।
এর আগে গত কয়েক দিনে লুকা মদরিচ ও টনি ক্রুস নতুন চুক্তি করেছেন। তারা আগামী বছর জুন পর্যন্ত রিয়ালেই থাকবেন।