তারিক-মোরসালিনদের সাফল্যে বাংলাদেশ ফুটবলের সামনে নতুন দিগন্ত। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজদের সামনে আবারও সেমিফাইনালে জায়গা করে নেওয়ার হাতছানি। কাল বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলেই ২০০৯ সালের পর শেষ চারে খেলার টিকিট পাবে তারা। সুবর্ণ সুযোগটি হাতের মুঠোয় থাকায় সেটি হাতছাড়া করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
বেঙ্গালুরুতে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে পুরো দলকে উজ্জীবিত-ই মনে হয়েছে। মালদ্বীপের পর সবার চোখে-মুখে এখন ভুটান বধের সংকল্প। আর কোরবানির ঈদের আগে এমন একটা জয় উপহার দেওয়া মানে পুরো দেশকে বাড়তি আনন্দে ভাসানো। ডেনমার্কে জন্ম নেওয়া বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়াও মনে করেন, ‘ঈদের আগে আমাদের খেলা। আমি চাই সবাই খেলা দেখুক। তিন পয়েন্ট নিতে পারলে দেশ খুশি হবে। যা হবে খুশির বাড়তি উপলক্ষ। সবাইকে ঈদ মোবারক।’
প্রথম ম্যাচে লেবাননের কাছে ধরাশায়ী হলেও মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জিতে বাংলাদেশ কক্ষপথে ফিরেছে। এখন ভুটানকে হারিয়ে সঠিক পথে থাকতে চায় লাল সবুজ দলের সেনানিরা। জামাল এই ম্যাচটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন, ‘সবাই রোমাঞ্চিত। এটা বড় সুযোগ বাংলাদেশের জন্য। সবাই তৈরি। আমরা ভালো খেলতে পারলে সেমিফাইনালে যেতে পারবো।’
এই টুর্নামেন্টের দুটি ম্যাচে ৬০ মিনিটের পর বেঞ্চে ফিরে গেছেন জামাল। তার বদলে সুযোগ দেওয়া হচ্ছে নতুনদের। জামাল অবশ্য বিষয়টা এভাবে দেখছেন না, ‘কোচ যেখানে খেলায় সেখানে খেলি। খেয়াল করি না কোথায় খেলছি।’
শেষ ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে ৩২ বছর বয়সী বলেছেন, ‘আমরা অবশ্যই তিন পয়েন্টের জন্য খেলবো। এটাই বড় লক্ষ্য। তিন পয়েন্ট নিতে পারলে সেমিফাইনাল নিশ্চিত।’