মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে ডাচ কিংবদন্তি

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন কিংবদন্তি ডাচ গোলকিপার এডউইন ফন ডার সার। কিন্তু সাবেক নেদারল্যান্ডস তারকাকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় যেতে হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরে জানা গেছে, মস্তিষ্কে রক্তরক্ষণ হয়েছে ৫২ বছর বয়সীর।

এডউইনের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে তার সাবেক ক্লাব আয়াক্স, ‘এডউইনের অবস্থা স্থিতিশীল। আয়াক্সে আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

ডাচ এই গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ৬ বছর। তার পর ২০১১ সালে ইংলিশ ক্লাব ছেড়ে আয়াক্সের পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু গত মৌসুম শেষেই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন। কারণ, সেবার ডাচ লিগে তৃতীয় হওয়ায় ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জায়গা পায়নি আয়াক্স।

রেড ডেভিলদের হয়ে ২৬৬ ম্যাচ খেলা ফন ডার সার চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। জিতেছেন ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ। তাছাড়া আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও খেলেছেন। নেদারল্যান্ডসের হয়ে ১৩০টি ম্যাচ খেলা এই গোলকিপার আয়াক্সেও জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।