সাফ চ্যাম্পিয়নশিপে আশানুরূপ পারফরম্যান্স দেখিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন জামাল ভূঁইয়ারা। যদিও ফাইনালে উঠতে পারেনি। তবে এ দল নিয়ে আশা কম নয়। এর জন্য খেলোয়াড়দের ডিসিপ্লিনের দিকে বেশি মনোযোগ দিতে বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
রবিবার প্রতিশ্রুত ৫০ লাখ টাকা খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। এছাড়া তিন জনকে দিয়েছেন বিশেষ পুরস্কার। আপাতত জাতীয় দলের খেলা নেই। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব আছে। এই মাসেই লিগ শেষ হয়ে যাবে। এরপর খেলোয়াড়রা কিছুটা হলেও অবসর পাবে। যদিও আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে।
তাই খেলোয়াড়দের উদ্দেশ্যে সালাউদ্দিন বার্তা দিয়ে বলেছেন, ‘আমার একা ছোট্ট বার্তা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অক্টোবরে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। এএফসির ম্যাচ আছে। আমরা যদি সেখানে হেরে যাই তিন বছরের জন্য পিছিয়ে যাবো। আমাদের হোম-অ্যাওয়ে ম্যাচগুলোতে জিততেই হবে। তবে আগামী তিন বছর আমরা নিয়মিত খেলায় থাকতে পারবো।’
এরপরই খেলোয়াড়দের ডিসিপ্লিনের ওপর আরও জোর দিতে বলেছেন দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি, ‘আমি চাই আগামী তিন চার মাস পুরো মনোযোগ দিয়ে তোমরা অনুশীলন করো। ফুটবলারদের ক্যারিয়ার তো ৩২ কিংবা ৩৩ বছরের। অনেক ছোট ক্যারিয়ার। অবশ্যই তোমাদের ডিসিপ্লিনড হতে হবে। কোনও লেট নাইট না, কোনও অ্যলকোহল নয়। পুরো মনোযোগ দিয়ে অনুশীল করো। ডিসিপ্লিনের মধ্যে থাকো। ক্যারিয়ার শেষে এগুলোর জন্য অনেক সময় পড়ে থাকবে। এই সব কিছু করতে পারবে ৩২ কিংবা ৩৩ বছরের পর। খেলা শেষে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনেক দিন ধরেই সংস্কার কাজ চলছে। জাতীয় দলকে খেলতে হলে ঢাকার বাইরে যেতে হয়। এনিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমার সবচাইতে বড় সমস্যা এটাই। আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নেই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’