বার্সায় ব্রাজিলের ‘নতুন রোনালদো’

ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময় বালক ভাবা হচ্ছে তাকে। এরই মধ্যে নাম দেওয়া হয়েছে ‘নতুন রোনালদো।’ বলা হচ্ছে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর রকির কথা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জানিয়েছে, ৭ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাব। যার ফি ধরা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো। 

গত সপ্তাহে ইএসপিএন জানিয়েছিল, ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেতিকো পিআরের সঙ্গে এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লা লিগা চ্যাম্পিয়নরা। চুক্তি অনুযায়ী এই ফরোয়ার্ড আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দেবেন। তার চুক্তির মেয়াদ ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত। রকির রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো! তাতে বার্সায় এই গ্রীষ্মে তৃতীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেন রকি। তার আগে ইলকায় গুন্দোগান ও ইনিগো মার্তিনেজ চুক্তিবদ্ধ হয়েছেন।

ভিতর রকি এরই মধ্যে ব্রাজিল দলে অভিষেক করেছেন। তার ডেব্যু ম্যাচটি ছিল মার্চে মরক্কোর বিপক্ষে।