দেশের সম্মান রাখতে মাঠে নামবেন সাবিনা-সানজিদারা

নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ম্যাচ কাকে বলে সেটা ভুলেই গেছে বাংলাদেশ। তাই তো হতাশায় অনেকে ক্যাম্প ছেড়েছেন। বাকি যারা আছেন তারা অবশ্য নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ভীষণভাবে। দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ দল চাইছে তাতে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে।  

অধিনায়ক সাবিনা খাতুন তো অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার উপলক্ষ পেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। বুধবার সংবাদ সম্মেলনে সাবিনা শুরুতে বলেছেন, ‘যেহেতু আট-নয় মাস পর মাঠে নামছি, নতুন করে আসলে কিছু বলার নাই। আপনাদের সকলের দোয়া চাই, যাতে দুটা ম্যাচ ভালোভাবে শেষ করতে পারি।’

নারীদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর অপ্রত্যাশিত বাঁক বদলের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ দল। খেলা ছেড়েছেন অনেকে। পদত্যাগ করেছেন নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটনও। তাই অধিনায়ককে এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হলো, গোলাম রব্বানী ছোটন না থাকায় দলে কেমন প্রভাব পড়ছে? জবাবে সাবিনা বলেছেন, ‘বাস্তবতা মানতে হবে এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এটা মেনে নিতেই হবে যে আজকে লিটু স্যার থাকে, কাল অন্য কেউ থাকতে পারে। ছোটন স্যারের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল, মেয়েদের প্রতি তিনি ভীষণ যত্নবান ছিলেন। অবশ্যই স্যারকে মিস করবো।’

সব মিলে সাবিনা বাস্তববাদী। চলমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পক্ষে তিনি। এখন শুধু লক্ষ্য দেশের সম্মান রক্ষা করা, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে মেয়েরা এটা মেনে নেবে এবং তাদের মেনে নিতেই হবে। আমাদের জন্য একটু কঠিন, তাছাড়া গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ও দলে নেই। তারপরও মাঠে নামবো দেশের সম্মান রক্ষার জন্য। নেপাল যেহেতু সাফে আমাদের কাছে হেরেছে, তাদের বড় লক্ষ্য আছে আমাদেরকে আমাদের মাঠে হারাবে। ওদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। যেহেতু আমরা জিতে এসেছি, আমাদের চ্যালেঞ্জ সেটা এখানেও ধরে রাখার।’