অকল্যান্ডে বন্দুকধারীর হামলা

‘ঘুম ভাঙে হেলিকপ্টার আর নিরাপত্তাবাহিনীর যানবাহনের শব্দে’

বৃহস্পতিবার শুরু হচ্ছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচটা হতে যাচ্ছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহরে। সবাই যখন পুরোপুরি উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার কয়েক ঘণ্টা আগে পুরো শহরবাসীর ঘুম ভেঙেছে রক্তক্ষয়ী ঘটনার সংবাদের মধ্যদিয়ে। তাতে উৎসবের শহরে ছায়া ফেলেছে শোক। 

বন্দুকধারীর হামলায় দুজন ব্যক্তি নিহত ও ৬ জন আহতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ওই বন্দুকধারীও। 

স্থানীয় সময় সকালে ঘটনাটি ঘটেছে নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে। ঘটনাটি যেখানে ঘটেছে তার খুব কাছেই নরওয়ে দলটির টিম হোটেল। ওই সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নরওয়ে অধিনায়ক মান মেলডা, ‘আমাদের ঘুম ভাঙে হেলিকপ্টার আর নিরাপত্তাবাহিনীর যানবাহনের শব্দে। প্রথমে বুঝতেই পারিনি কী হচ্ছে। কিন্তু ঘটনাক্রমে তখন টিভি ও লোকাল মিডিয়ায় সব তথ্য উঠে আসছিল।’

ঘটনাটি ঘটেছে শহরটির কেন্দ্রস্থলে একটি নির্মাণাধীন ভবনে। নরওয়ের টিম হোটেলের অবস্থান কাছে হলেও কোনও ধরনের বিপদের সম্মুখীন হননি তারা। মেলডা আরও জানিয়েছেন, ‘পুরোটা সময় আমরা নিরাপদে ছিলাম। হোটেলে ফিফার নিরাপত্তা ব্যবস্থা ভীষণ ভালো। দলে আমাদের নিজেদেরও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে এমন ঘটনা মানসিকভাবে প্রভাব ফেলার কথা। উদ্বোধনী দিনে অকল্যান্ডের ইডেন মার্কে স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। কিন্তু নরওয়ে টিম অধিনায়ক জানালেন, ‘সবাইকে শান্ত মনে হয়েছে। রাতের খেলার জন্য স্বাভাবিক প্রস্তুতিটাই নিচ্ছি আমরা। তাতে কোনও পরিবর্তন নেই। তবে কর্তৃপক্ষ কোনও নির্দেশনা দিলে ওই জায়গায় আমাদের মানিয়ে নিতে হবে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রও অকল্যান্ডে তাঁবু গেড়েছে। এই টুর্নামেন্টের সহ আয়োজক আবার অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র দলটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব খেলোয়াড় ও স্টাফ নিরাপদে আছে।