আশায় আছেন সাফজয়ী আঁখি

নেপালে সাফ ফুটবলে ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ডিফেন্ডার আঁখি খাতুন। বাংলাদেশ দল নেপালের বিপক্ষে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেললেও আঁখি ছিলেন অনুপস্থিত। সম্প্রতি এশিয়ান গেমসের দলেও জায়গা হয়নি। তাতে ভীষণ কষ্ট পেয়েছেন টাঙ্গাইল থেকে ওঠে আসা এই ফুটবলার। বর্তমানে চীনের সাংহাইতে থাকা আঁখি আশায় আছেন, হয়তো শিগগিরই লাল-সবুজ দলে জায়গা হবে তার। 

বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় এই ডিফেন্ডারকে দলে রাখা হয়নি। আঁখি মনে করেন, ক্যাম্প ছেড়ে গেলেও ফুটবলের সঙ্গেই সম্পৃক্ত আছেন তিনি। নিয়মিত সাংহাইয়ের একটি ক্লাবে অনুশীলন করে যাচ্ছেন। এশিয়াডের দলে ডাক না পেয়ে বাংলা ট্রিবিউনকে এই ডিফেন্ডার বলেছেন, ‘চীনের একটি ক্লাবে নিয়মিত অনুশীলনে করে যাচ্ছি। সবসময় তো বাফুফের ক্যাম্পে থাকা কঠিন। মনে করেছিলাম এশিয়ান গেমসের দলে জায়গা হবে। নিজের নাম না দেখে কষ্ট পেয়েছি। আমি তো ফুটবল ছাড়িনি। তবে আশা করছি অক্টোবরে আবারও আন্তর্জাতিক ম্যাচের জন্য ডাক পাবো। লাল-সবুজ জার্সি গায়ে খেলার সুযোগ হবে।’