ইউরোপের বাইরের কোনও ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। শুক্রবার লিগ কাপে ক্রুজ আজুলের মুখোমুখি হচ্ছে তার দল ইন্টার মায়ামি। অবশ্য সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় হবে ম্যাচ।
অবশ্য কোনও টিভি চ্যানেলে এই ম্যাচ উপভোগ করতে পারবেন না বাংলাদেশের দর্শকরা। অ্যাপল প্লাস টিভি থাকলেই কেবল মেসির অভিষেক ম্যাচ দেখতে পাওয়া যাবে। মানে শুধু অ্যাপল ব্যবহারকারীদের জন্যই থাকছে মেসির খেলা দেখার সুযোগ। এজন্য অ্যাপল প্লাস টিভিতে সাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীদের। অ্যাপল প্লাস টিভির এমএলএস সিজন পাস ব্যবহার করে দেখা যাবে মায়ামি ও আজুলের লড়াই।
মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত রবিবার। তারপর থেকে একটাই অপেক্ষা, মেসিকে কি মায়ামির জার্সিতে শিগগিরই দেখা যাবে? ক্লাবের একাংশের মালিক হোর্হে মাস বুধবার জানান, ‘শুক্রবার অভিষেক হবে মেসির।’ এর আগে লম্বা ছুটি শেষে নিজেকে প্রস্তুত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
শুক্রবার আজুলের বিপক্ষে মেসির অভিষেকের প্রত্যাশা মায়ামির যৌথ মালিক ডেভিড বেকহ্যামেরও, ‘আমরা জানি না লিও ম্যাচ শুরু করবে কি না বা কোন সময় মাঠে নামবে। কারণ আমি মনে করি দিন শেষে তাকে প্রস্তুত থাকতে হবে। তাকে নিরাপত্তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে ছুটি শেষে সে খেলার জন্য প্রস্তুত কি না। এক সপ্তাহ ধরে সে মায়ামিতে এবং কঠোর ট্রেনিং করেছে। টাটা মার্টিনো তার সঙ্গে অনুশীলনের সময় ছিলেন। তিনিই সিদ্ধান্ত নেবেন তাকে কখন খেলানো হবে।’
মঙ্গলবার এমএলএস ক্লাবের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ট্রেনিংয়ে যোগ দেন মেসি। দুই দিন আগে রবিবার ঘরের স্টেডিয়ামে তাকে জমকালো আয়োজনে উপস্থাপন করে মায়ামি।