অভিষেকে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অভিষেক। হোক না বেঞ্চ থেকে! আর্জেন্টাইন অধিনায়কের অভিষেক ম্যাচ দেখার জন্য ডিআরভি পিএনকে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। যাকে দেখার জন্য যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও উপস্থিত হয়েছিলেন! হাজির ছিলেন বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমসও। ইন্টার মায়ামিতে এমন ম্যাচটা জয়ে রাঙিয়েছেন ট্রেডমার্ক ফ্রি কিকে। তার জয়সূচক গোলে লিগস কাপে মেক্সিকান সাইড ক্রুজ আজুলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

মেসি গোলটা তখনই করেছিলেন যখন নাকি ম্যাচটা শেষ পর্যায়ে। তখন স্কোর ছিল ১-১ সমতায়। লিগস কাপের নিয়ম অনুযায়ী এমন স্কোরলাইনে ম্যাচটা যাওয়ার কথা ছিল পেনাল্টি শুটআউটে। কিন্তু মেসি তার আর হতে দেবেন কেন? ক্যারিয়ারে এমন মুহূর্তগুলোয় বহুবার ‘মেসি ম্যাজিক’ উপহার দিয়েছেন। মিয়ামিতে অভিষেক ম্যাচটাতেও তার ব্যতিক্রম হলো না। যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে উপহার দিলেন মেসি ম্যাজিক। ৯৪ মিনিটে তার ফ্রি কিক থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।  

আগেই জানা গিয়েছিল এই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকা হবে না। তার মতো বুসকেটজও নামেন ৫৪ মিনিটে। উপস্থিত ২১ হাজার দর্শক তাদের তুমুল করতালিতে স্বাগতও জানায়। 

৪৪ মিনিটে প্রথম গোলটা পায় মায়ামি। গোল করেন রবার্ট টেইলর। ৬৫ মিনিটে অবশ্য আনতুনার গোলে সমতা ফেরায় ক্রুজ আজুল। তার পর শেষের দিকে দেখা মেলে মেসি ম্যাজিক। জয়ের পর মেসি অ্যাপল টিভিকে বলেছেন, ‘জানতাম আমাকে স্কোর করতেই হতো। ম্যাচের শেষ মুহূর্ত ছিল। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দেবে।’