মার্তার শেষ বিশ্বকাপে প্রথম ট্রফির মিশনে ব্রাজিল

পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলের ফুটবল গ্রেট মার্তা। ষষ্ঠবার অংশ নিচ্ছেন তিনি। নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ায় চলতি টুর্নামেন্ট খেলেই বিশ্বকাপকে বিদায় বলে দেবেন। মানে এবারই অধরা ট্রফি জয়ের শেষ সুযোগ তার সামনে। আজ সোমবার বিকাল পাঁচটায় অস্ট্রেলিয়ার কুপার্স স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল।

ছেলেদের বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন হলেও নারীদের ইভেন্টে ব্রাজিল কখনও ছুঁয়ে দেখেনি বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি। একবারই ফাইনালে উঠেছিল, ২০০৭ সালের সেই ম্যাচে জার্মানির কাছে হেরে যায় ব্রাজিল। ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। পরের দুটি আসরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল ব্রাজিল।

তবে বিশ্ব ফুটবলে ব্রাজিলের ছেলে ও মেয়ে দলের দাপট সবসময়ই। তবে মেয়েদের হতাশা একটাই, ট্রফি জিততে পারেনি কখনও। এবার আশা মার্তা শেষ সুযোগ কাজে লাগিয়ে সেই অপ্রাপ্তি ঘুচাবেন।

এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে মার্তা খেলেছেন পাঁচবার। আজ পানামার বিপক্ষে ষষ্ঠবার বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছেন। এখন পর্যন্ত ব্রাজিল কখনও বিশ্বকাপের প্রথম ম্যাচ হারেনি। আজ সেই রেকর্ড ৯-০ করার লক্ষ্য। কাজটা কঠিন নয়। তাদের প্রতিপক্ষ পানামা প্রথমবার বিশ্বকাপে খেলছে।

ব্রাজিল দলগতভাবে যেমন প্রথম বিশ্বকাপ ট্রফির লক্ষ্য, ব্যক্তিগতভাবে মার্তার জন্য জিততে চাইবেন সতীর্থরা। তাছাড়া মার্তার সামনে ব্যক্তিগত নজির গড়ার সুযোগ রয়েছে। পুরুষ হোক কিংবা মহিলা, পাঁচটি বিশ্বকাপে গোলের নজির রয়েছে। মার্তার কাছে সুযোগ রয়েছে ষষ্ঠ বিশ্বকাপে গোল করার। 

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন মার্তা। তিনিই সবার উপরে। এত ব্যক্তিগত অর্জনের মাঝেও মার্তার আক্ষেপ ফুটবল ট্রফি জিততে না পারা। ২০১৯ সালে ফ্রান্সের কাছে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এবার কি ফুটবে তার মুখে হাসি?