প্রাক মৌসুম প্রস্তুতিতে বার্সার বড় হার, জিতেছে রিয়াল

প্রাক মৌসুম প্রস্তুতিতে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি আজ মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। প্রীতি ম্যাচে তারা লা লিগা চ্যাম্পিয়নদের ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে।

দীর্ঘ ৪৪ বছর পর সাদা জার্সি পরে খেলতে নামা কাতালানরা ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলো না। তবে সোফি স্টেডিয়ামে তাদের শুরুটা হয় গানারদের জাল কাঁপিয়ে। ৭ মিনিটে দলকে এগিয়ে নেন রবের্ত লেভানডোভস্কি। তবে ১৩ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান বুকায়ো সাকা। তারা এগিয়েও যেতে পারতো। কিন্তু সাকা পেনাল্টি মিস করলে ৩৪ মিনিটে ২-১ গোলের অগ্রগামিতা পায় বার্সা। রাফিনহার ডিফ্লেক্টেড ফ্রি কিকে পরাস্ত হন অ্যারোন রামসডেল। 

৪৩ মিনিটে কাই হাভার্টজ আবারও গানারদের সমতায় ফেরালে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় তারা। আলো ছড়ানো লিয়ান্দ্রো ট্রোসার্ড বিরতির পর ৫৫ ও ৭৮ মিনিটে জোড়া গোলে এগিয়ে নেন দলকে। ৮৮ মিনিটে ফেরান তোরেস বার্সার হয়ে একটি গোল শোধ দিলেও লাভ হয়নি। ৮৯ মিনিটে পঞ্চম গোলও তুলে নেয় আর্সেনাল। জাল কাঁপিয়েছেন ফাবিও ভিয়েইরা।

রিয়ালের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেলিংহাম। প্রাক মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদ অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে। রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন। ম্যান অব দ্য ম্যাচও তিনি!

৮৮ মিলিয়ন পাউন্ডে মাদ্রিদে যোগ দেওয়া ২০ বছর বয়সী ইংলিশ তারকা মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। ষষ্ঠ মিনিটেই বেলিংহামের লবে স্কোর হয় ১-০। ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জোসেলু।