হার দিয়ে এশিয়া সফর শেষ ম্যানসিটির

এশিয়া সফর ভালোভাবে শেষ হলো না ম্যানচেস্টার সিটির। সাউথ কোরিয়ার সিউলে ভারী বৃষ্টির মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেলো তারা। 

এক ঘণ্টারও বেশি সময় ধরে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। ৬৬ মিনিটে গোলের দেখা পায় মাদ্রিদ ক্লাব। বক্সের প্রান্ত থেকে শক্তিশালী শটে তাদের লিড এনে দেন মেম্ফিস ডিপে।

১০ মিনিটেরও কম সময়ের মধ্যে অ্যাটলেটিকো দুই গোলে এগিয়ে যায়। নিচু শটে বদলি গোলকিপার স্টেফান ওরতেগাকে পরাস্ত করেন ইয়ানিক কারাসকো।

৮৫ মিনিটে রুবেন দিয়াস এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ম্যানসিটি। প্রাক মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ পেলো তারা।

এর আগে জাপানে ইয়োকোহামা এফ মারিনোস ও বায়ার্ন মিউনিখকে হারায় সিটিজেনরা। গত মৌসুমের ট্রেবল জয়ীরা এবার ম্যানচেস্টারে ফিরে যাবে। সেখানেই প্রস্তুতি নেবে তারা কমিউনিটি শিল্ডের লড়াইয়ের। ৬ আগস্ট তাদের প্রতিপক্ষ আর্সেনাল।