আগুয়েরো-সিলভার নৈপুণ্যে সিটির দাপুটে জয়

সার্জিও আগুয়েরো, ডেভিড সিলভা ও ইয়াইয়া তোরের দারুণ নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ডায়নামো কিয়েভের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ফলে প্রথমবারের মতো সেরা আটে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে সিটিজেনরা।

ম্যানসিটিচ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইউক্রেনের দল ডায়নামো কিয়েভেকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। আগামী ১৫ মার্চ সিটির মাঠে হবে ফিরতি লেগের ম্যাচ।

এফএ কাপে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিলেও বুধবার কিয়েভের মাঠে পূর্ণশক্তির দল নিয়েই নামে ম্যানচেস্টার সিটি। এদিন খেলার শুরুতেই (১৭ মিনিটে) আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে উড়ে আসা বল ইয়াইয়া তুরে হেড করে বাড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তা বুক দিয়ে নামিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে আগুয়েরোর এটি ১৯তম গোল।

৪০ মিনিটে আগুয়েরোর ব্যাক হিল থেকে বল পেয়ে যান রাহিম স্টার্লিং, ইংলিশ এই মিডফিল্ডারের ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ২-০ করেন সিলভা। ৫৯তম মিনিটে ব্যবধান কমায় কিয়েভ। ভিটালির জোরালো শট ওটামেন্দির গায়ে লেগে জালে জড়ায়।

৯০তম মিনিটে ইয়াইয়া তোরে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন। ফের্নানদিনিয়োর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বাঁকানো শটে গোল করেন এই মিডফিল্ডার। এই জয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। ১৫ মার্চ ফিরতি লেগে জয় বা ড্র তো বটেই, ২-০ গোলে হারলেও কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে সিটিজেনরা।

দিনের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এমআর/