আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কাঁদলেন ব্রাজিলিয়ান তারকা

লাল কার্ড দেখলেন, তারপর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন মার্সেলো। শাস্তি পেয়েছেন বলে কান্না নয়, অসাবধানতাবশত প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাবের খেলোয়াড়ের পা ভেঙে দিয়েছেন ব্রাজিলের লেফট ব্যাক। ঘটনা বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত কোপা লিবার্তাদোরেস ম্যাচে।

বল নিয়ে সামনে এগোচ্ছিলেন মার্সেলো। তাকে বাধা দিতে সামনে চলে আসেন আর্জেন্টিনোস জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। বেখেয়ালের বশে ফ্লুমিনেন্সের মার্সেলোর পা পড়ে তার পায়ের ওপর। ভেঙে যায় পা।

গুরুতর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনোসের ডিফেন্ডার। সানচেজের ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে গেলো। মার্সেলোকে লাল কার্ড দেন রেফারি। 

সানচেজ চোট পাওয়ার পর বিধ্বস্ত লাগছিল মার্সেলোকেপা ভেঙে যাওয়ার পর ব্যথায় চিৎকার করছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। দুই দলের খেলোয়াড় জড়ো হয় তার পাশে। ঘটনা ঘটে ম্যাচের ৫৬তম মিনিটে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো। ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

খেলা শেষে মার্সেলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘আজ মাঠের মধ্যে খুব কষ্টের অভিজ্ঞতা হলো। অসাবধানতাবশত একজনকে চোটাক্রান্ত করলাম। লুসিয়ানো সানচেজ, তোমার দ্রুত সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি যেন তোমাকে সাহায্য করে।’

শেষ ষোলোর প্রথম লেগে ১৪তম মিনিটে গ্যাব্রিয়েল আভালোস স্বাগতিক আর্জেন্টাইন ক্লাবকে এগিয়ে দেন। ৭৬তম মিনিটে তাদের গোলকিপার অ্যালেক্সিস মার্টিন আরিয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার স্থলাভিষিক্ত করা হয় বদলি মিডফিল্ডার লুসিয়ানো হেরেডিয়াকে। এই সুযোগের সদ্ব্যবহার করে ৮৭তম মিনিটে স্যামুয়েল জাভিয়েরের গোলে সমতা ফেরায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

আগামী মঙ্গলবার মারাকানা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে চোখ রেখে।