আমেরিকায় রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্বকাপ ট্রফি জিততে না পারার ভার নেমে গেছে। কাতারে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর থেকে লিওনেল মেসি আরও বেশি স্বতঃস্ফূর্ত। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন সংস্কৃতি। তারপরও উপভোগ্য ফুটবল খেলে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আমেরিকান ফুটবলে টানা তিন ম্যাচ করলেন জোড়া গোল। চার ম্যাচ খেলে তার গোলসংখ্যা সাত!

রবিবার এফসি ডালাসের বিপক্ষে লিগস কাপের শেষ ষোলোতে মেসি আবার জাদুকাঠি ঘুরালেন। তাতে প্রতিপক্ষ যেন বশীভূত হয়ে গেলো। ২-১ এ হাফটাইমে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। একসময় ৪-২ গোলে তাদের পেছনে ফেলে ডালাস। পরে তাদের আত্মঘাতী গোলের পর মেসির চোখ ধাঁধানো ফ্রি কিক গোল। ৪-৪ এ সমতা ফিরিয়ে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে মায়ামি।

প্রথম তিন ম্যাচে পাঁচ গোল করেন মেসি। তাকে চুক্তির পর প্রথম হারের শঙ্কায় পড়েছিল মায়ামি। আমেরিকার মাটিতে এই তিক্ত স্বাদ নিতে চাননি ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার নায়কোচিত গোলের পর টাইব্রেকারে তাকে হতাশ করেননি সতীর্থরা।

বিজয়ের উচ্ছ্বাসে মেতে ওঠার পথে মেসি করেছেন গোলের রেকর্ড। কোনও এমএলএস দলের ইতিহাসে প্রথম চার ম্যাচে সর্বোচ্চ সাত গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। টানা তিন ম্যাচ করেছেন জোড়া গোল, যার মধ্যে সব ম্যাচেই প্রথম গোল আসে আট মিনিটের মধ্যে।

ম্যাচ শেষে কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, ‘আপনার একটা অনুভূতি থাকবেই যে সে গোল করতে যাচ্ছে। আমরা কী এটা ছিল তার প্রমাণ, কারণ একটি খেলায় দুইবার পিছিয়ে পড়ে ফিরে আসা কঠিন।’