বার্সেলোনা থেকে ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি সারলো প্যারিস সেন্ট জার্মেই। শনিবার ফরাসি ক্লাব এই ঘোষণা দেয়।
গত জুলাইয়ে শেষ হওয়া ৫ কোটি ইউরো বাই আউট ক্লজ দিয়ে দেম্বেলেকে কেনার প্রাথমিক পরিকল্পনা ছিল ফরাসি ক্লাবের। কিন্তু তিনি ওই প্রস্তাব ফিরিয়ে দেন এবং সব পক্ষ যেন সন্তুষ্ট হয়, সেভাবে আলাপ চালানোর আহ্বান করেন। কিন্তু চূড়ান্ত ফি ওই ৫ কোটি ইউরোই ছিল।
দেম্বেলে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে আর তর সইছে না। আমি আশা করি এখানে আমার উন্নতি অব্যাহত থাকবে এবং ক্লাবের সব ভক্তকে গর্বিত করতে পারবো।’
লিগ ওয়ান চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ধরে দেম্বেলেকে চাইছিল। বার্সা কোচ জাভি তাকে রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের অর্থনৈতিক সমস্যা কিছুটা কেটে যাবে, এই কারণে রাজি হয়ে গেলেন।
২০১৭ সালে নেইমারের স্থলাভিষিক্ত হয়ে বার্সায় পা রাখেন দেম্বেলে। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাকে সাড়ে ১০ কোটি ইউরোতে কিনে নেয় কাতালানরা। কিন্তু দলে ছাপ রাখতে পারেননি তিনি। ১৮৫ ম্যাচ খেলে করেছেন ৪০ গোল।
গত মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে তো ক্লাব ছাড়তেই বসেছিলেন দেম্বেলে। কিন্তু তার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে সফল হয় বার্সা।