ফাইনালে মায়ামি, আবার গোল মেসির

গত ৪১ ম্যাচে ফিলাডেলফিয়া মাত্র একটি হেরেছিল ঘরের মাঠে। ভাবা হচ্ছিল, লিওনেল মেসি আসার পর এটাই হচ্ছে ইন্টার মায়ামির কঠিন পরীক্ষা। কিন্তু ফ্লোরিডা ক্লাব আবার ঝলমলে পারফরম্যান্স উপহার দিলো। মেসি করলেন টানা ষষ্ঠ ম্যাচে গোল।

সুবারু পার্কে লিগস কাপের সেমিফাইনালে মায়ামি জিতেছে ৪-১ গোলে। প্রথমার্ধে তিন গোলের দুটি করেন মেসি ও তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। আগামী শনিবার ফাইনালে খেলবে মায়ামি।

তৃতীয় মিনিটে জোসেফ মার্টিনেজের গোলে এগিয়ে যায় মায়ামি। বক্সের ডানদিক দিয়ে ঢুকে জাল কাঁপান। তারই বাড়ানো বলে ২০ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে ব্যবধাম দ্বিগুণ করেন। প্রায় ৩২ মিটার দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শটে ওতো জোর ছিল না। মাটি গড়িয়ে জালে জড়ায়, মায়ামির জার্সিতে যা ছিল তার নবম গোল। বিরতির ঠিক আগে আলবা ৩-০ করেন।

বিরতি থেকে ফিরে ফিলাডেলফিয়া এক গোল শোধ দেয়। তবে ডেভিড রুইজ আবার মায়ামিকে তিন গোলের লিড এনে দেন। এই জয়ে ২০২৪ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত করে মায়ামি।