এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন চলছে। তবে তার নিবন্ধন নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা অবশেষে কেটেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুরোধে গেমস কর্তৃপক্ষ টিটুর নিবন্ধন অনুমোদন করেছে। এশিয়ান গেমসে ডাগ আউটে দাঁড়াতে আর কোনও সমস্যা নেই জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডারের।
সাবিনা-সানজিদাদের কোচ টিটু এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘তিন দিন আগে অনানুষ্ঠানিকভাবে জেনেছি নিবন্ধন হয়েছে। এটা সাধারণত হয় না। বিওএ এবং বাফুফের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।’
সাইফুল বারী টিটু এর আগেও তিনটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯০ সালে খেলোয়াড় আর ২০১০ ও ১৪ সালে ছেলেদের কোচ হিসেবে। এবার মেয়েদের কোচ হয়ে যাচ্ছেন।
তবে একই সঙ্গে জাতীয় দল ও অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন করাচ্ছেন টিটু। শিষ্যদের প্রশংসা করে টিটু বলেছেন,‘আমি ভিয়েতনাম যাওয়ারও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এখন নিবন্ধন হওয়ায় হয়তো চীনেই যাওয়া হবে। জুনিয়র দলের ফিটনেস লেভেল অসাধারণ। সিনিয়র দলেরও শেখার আগ্রহ রয়েছে।’